অনুশোচনার কাঠগড়া, নাকি রাজনৈতিক প্রতিহিংসার আয়না? -শাহিদা জাহান
হোসাইন আহমেদ
আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, প্রশ্ন হলো, বিচার, আইন কি সবার জন্য সমান? বাংলাদেশের রাজনীতিতে আজ ‘অনুশোচনা’ শব্দটি গভীর রাজনৈতিক তাৎপর্য বহন করছে। আওয়ামী লীগকে তার অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে বলা হচ্ছে, আত্মসমালোচনা করতে বলা হচ্ছে, জনগণের কাছে জবাবদিহি করতে বলা হচ্ছে। আত্মসমালোচনা অবশ্যই একটি রাজনৈতিক দলের সুস্থতার লক্ষণ। ভুল হয়ে থাকলে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং রাজনৈতিক পরিপক্বতা। একই সঙ্গে একটি মৌলিক প্রশ্নও উচ্চারণ করতে হয়,অনুশোচনা কি হবে স্বতঃস্ফূর্ত আত্মসমালোচনা, নাকি রাজনৈতিক অস্তিত্ব বিসর্জনের পূর্বশর্ত?
এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার দিকে তাকালে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা,হামলা,লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন,আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিযার্তন,গণধর্ষণ গ্রেপ্তার, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন পর্যায়ে হয়রানি ও সহিংসতার অভিযোগ সামনে এসেছে। একই সময়ে জুলাই-আগস্টের সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মৃত্যু, সাধারণ মানুষের প্রাণহানি এবং রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রান্ত হওয়ার অভিযোগ,সবকিছুরই একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ বিচার প্রয়োজন। কারণ ন্যায়বিচার যদি কেবল বিজয়ী পক্ষের জন্য হয়, তাহলে সেটি ন্যায়বিচার থাকে না,সেটি প্রতিহিংসার রূপ নিতে পারে।
এখানেই আওয়ামী লীগের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নটি উঠে আসে,যদি আওয়ামী লীগ ভুল করে থাকে, তার বিচার হোক! কিন্তু আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী কি অপরাধী? একটি রাজনৈতিক দলের অস্তিত্ব কি নিজেই অপরাধ?কোনো ব্যক্তির অপরাধের দায় ব্যক্তির। কোনো নেতার বিরুদ্ধে হত্যাকাণ্ড, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অন্য কোনো অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তার বিচার অবশ্যই হতে হবে। রাজনৈতিক পরিচয়কে যদি অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আইনের শাসনের মৌলিক নীতিই ক্ষতিগ্রস্ত হয়।
আর এখানেই ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতার সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের তুলনামূলক আলোচনা জরুরি হয়ে পড়ে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও মতের মানুষ নিপীড়নের শিকার হয়েছে,এমন অভিযোগ ও সমালোচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রয়েছে এবং সেগুলোও নিরপেক্ষ তদন্ত ও বিচার থেকে বাদ দেওয়া যায় না। একই সঙ্গে ৫ আগস্টের পর মাত্র প্রায় দুই বছরের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মাত্রায় মামলা, গ্রেপ্তার,হত্যা রাজনৈতিক নিষেধাজ্ঞা, সামাজিক চাপ ও সাংগঠনিক অস্তিত্ব সংকট তৈরি হয়েছে তারও নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন।
অন্যায়ের বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে নতুন অন্যায় প্রতিষ্ঠা করা হলে রাষ্ট্র কোথায় দাঁড়াবে? এ প্রশ্ন আওয়ামী লীগের সমর্থকদের শুধু রাজনৈতিক আবেগের প্রশ্ন নয়। এটি সাংবিধানিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক বহুত্ববাদের প্রশ্ন। একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন,আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নির্বাচনী রাজনীতিতে কোনো প্রতিদ্বন্দ্বী দলকে কেবল একটি আইন করে ‘রাজনৈতিকভাবে অস্তিত্বহীন’ ঘোষণা করে জনগণের ভোটের বাইরে রাখার নীতি গ্রহণ করা হয়নি,এমনটাই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ যুক্তি। অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচনের অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো,জনগণ কোনো দলকে চাইলে ক্ষমতায় আনে, আবার চাইলে ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কোনো দল জনপ্রিয় না হলে তাকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই,জনগণের ভোটই যথেষ্ট। কোনো দল সত্যিই জনগণের আস্থা হারিয়ে থাকলে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, জনগণই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক।
রাজনৈতিক দলকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিষেধাজ্ঞা নয়-ভোট। এই জায়গায় আওয়ামী লীগের প্রশ্নটি তাই অত্যন্ত সরল। যদি আওয়ামী লীগ জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে থাকে, তাহলে তাকে জনগণের সামনে যেতে দেওয়া হবে না কেন? আওয়ামী লীগকে ভোটের মাঠে হারানোর সুযোগ না দিয়ে প্রশাসনিক বা আইনগত ব্যবস্থার মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে জনগণের রায় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত,এই দুইয়ের মধ্যে পার্থক্য তৈরি হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বৈধতার সর্বোচ্চ উৎস জনগণ। তাই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্মূল্যায়নের সবচেয়ে শক্তিশালী পথ হলো, জনগণের ভোট।
আরেকটি বিষয়ও গুরুত্বের সঙ্গে বলা প্রয়োজন। ‘জয় বাংলা’ একটি ঐতিহাসিক রাজনৈতিক স্লোগান, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি কেন্দ্রীয় চরিত্র। তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করাকে যদি রাজনৈতিক অপরাধের সঙ্গে এক করে দেখা হয়, তাহলে ইতিহাস ও রাজনৈতিক মতাদর্শের মধ্যে একটি বিপজ্জনক বিভাজন তৈরি হয়। কোনো রাজনৈতিক মতের সঙ্গে দ্বিমত থাকা এক বিষয়, ইতিহাসের স্মৃতিকে অপরাধে পরিণত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
একইভাবে ধানমন্ডি ৩২ নম্বরসহ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলোর সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোকেও কেবল দলীয় রাজনীতির চোখে দেখলে চলবে না। ইতিহাসের কোনো অধ্যায় পছন্দ না হলেই ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাসকে সংরক্ষণ করতে হয়, গবেষণা করতে হয়,কেন মুক্তি যোদ্ধাদের গলায় জুতোর মালা। কেন ৭১ এর মুক্তি যুদ্ধের সাথ ২৪ এর জুলাই সাথে যুক্ত করা হচ্ছে। সব কিছুর সমালোচনা করতে হয় এবং নতুন প্রজন্মকে সত্য জানার সুযোগ দিতে হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে তাই প্রশ্ন উঠতেই পারে,আমরা কি ইতিহাসের সঙ্গে বিতর্ক করব, নাকি ইতিহাস ধ্বংস করব? আওয়ামী লীগ ভুলের ঊর্ধ্বে নয়। ১৬ বছর ক্ষমতায় থাকার সময়ে দলটির ভুল, ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক কেন্দ্রীকরণ, দলীয় অভ্যন্তরের অনিয়ম, কিছু নেতাকর্মীর দুর্নীতি কিংবা মানবাধিকারসংক্রান্ত অভিযোগ,এসব বিষয়ে আওয়ামী লীগের নিজেরও আত্মসমালোচনা প্রয়োজন। জনগণের সঙ্গে কোথায় দূরত্ব তৈরি হয়েছিল, কেন রাজনৈতিক বিরোধিতা এত তীব্র হয়েছিল, কোথায় সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছিল,এসব প্রশ্নের উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে।
আত্মসমালোচনা আর আত্মসমর্পণ এক নয়। ক্ষমা চাওয়া আর রাজনৈতিক অস্তিত্ব বিসর্জন দেওয়া এক নয়। ভুল স্বীকার আর মিথ্যা অপরাধ স্বীকার করা এক নয়।
একটি রাজনৈতিক দলকে যদি বলা হয়,আগে ক্ষমা চাও, তারপর তোমার রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন বিবেচনা করা হবে,তাহলে সেটি আত্মসমালোচনার স্বাভাবিক পরিবেশ নয়। প্রকৃত অনুশোচনা আসে স্বাধীন বিবেক থেকে! রাজনৈতিক ভয়, কারাগার, নিষেধাজ্ঞা বা অস্তিত্বের সংকট থেকে নয়। আর তাই আওয়ামী লীগ যদি প্রশ্ন তোলে-
আমরা কেন ক্ষমা চাইব?’তার উত্তরও সরল হওয়া উচিত।
আওয়ামী লীগ যদি কোনো নির্দিষ্ট অপরাধ করে থাকে, সেই অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। নির্দোষ হলে মুক্তি দেওয়া হোক। দল হিসেবে রাজনৈতিক ভুল থাকলে জনগণের কাছে তার ব্যাখ্যা দেওয়া হোক। এমন কোনো অপরাধের জন্য একটি গোটা রাজনৈতিক সংগঠনকে অপরাধী বানানো যাবে না, যার দায় নির্দিষ্টভাবে প্রমাণিত নয়।
একই নীতি অন্য সব দলের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে।
জুলাই-আগস্টের সহিংসতায় সাধারণ মানুষ নিহত হয়ে থাকলে বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে বিচার চাই। আওয়ামী লীগের নেতাকর্মী নিহত বা আক্রান্ত হয়ে থাকলে বিচার চাই। বিএনপি, জামায়াত, ছাত্রসমাজ, সাধারণ নাগরিক,যে পরিচয়ের মানুষই অপরাধের শিকার হন, বিচার সবার জন্য চাই। আবার যে পরিচয়ের মানুষই অপরাধ করুন, প্রমাণ থাকলে তারও বিচার চাই। বিচারের মাপকাঠি দল নয়,অপরাধ।অপরাধীর পরিচয় নয়,প্রমাণ,বিচারের ভিত্তি প্রতিশোধ নয় আইন। এটাই আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শক্তিশালী গণতান্ত্রিক অবস্থান হতে পারে। আজ যদি আওয়ামী লীগের কোনো সমর্থক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে নিরাপত্তাহীনতায় থাকেন, আগামীকাল অন্য কোনো দলের সমর্থকও একই আশঙ্কায় থাকতে পারেন। আজ যদি একটি দলের রাজনৈতিক অধিকার সংকুচিত করা হয়, আগামীকাল অন্য দলের ক্ষেত্রেও সেই একই দৃষ্টান্ত ব্যবহৃত হতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার এই চক্র একবার প্রতিষ্ঠিত হলে শেষ পর্যন্ত কোনো দলই নিরাপদ থাকে না।
আওয়ামী লীগের ৭৫ বছরের রাজনৈতিক ইতিহাসকে কেবল গত কয়েক বছরের ঘটনাবলিতে সীমাবদ্ধ করে দেখা যায় না। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সেই ইতিহাসের সঙ্গে সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, ভুলের হিসাব থাকবে,কিন্তু ইতিহাসের একটি রাজনৈতিক ধারাকে নিষিদ্ধ করে ইতিহাসের মূল্যায়ন সম্পূর্ণ করা যায় না। আজ আওয়ামী লীগের সামনে তাই দুটি পথ,একটি হলো আত্মবিনাশের পথে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব অস্বীকার করা, অন্যটি হলো নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের কাছে ফিরে যাওয়া।
দ্বিতীয় পথটিই আওয়ামী লীগের জন্য অধিকতর গঠনমূলক।
আওয়ামী লীগকে বলতে হবে,আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের অস্তিত্ব অপরাধ নয়। আমরা আত্মসমালোচনা করব,রাজনৈতিক আত্মসমর্পণ করব না। আমরা জবাবদিহি করব, বিচারহীন প্রতিহিংসা মেনে নেব না। আমরা জনগণের কাছে যাব, জনগণের ভোটই আমাদের রাজনৈতিক বৈধতার চূড়ান্ত পরীক্ষা। এখানেই আওয়ামী লীগের পুনর্গঠনের সম্ভাবনা। দলটির প্রয়োজন নতুন রাজনৈতিক ভাষা, নতুন নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক সংস্কার, তরুণ প্রজন্মের অংশগ্রহণ, তৃণমূলের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন এবং ক্ষমতার কেন্দ্রীকরণের পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি কোনো ব্যক্তি নয়, সবচেয়ে বড় শক্তি তার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য, সংগঠন এবং জনগণের একটি অংশের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক।
তাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিবর্তে রাজনৈতিক প্রতিযোগিতার মাঠে ফিরিয়ে দেওয়া গণতন্ত্রের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। যে দলকে জনগণ ভোটে হারাতে পারে, তাকে নিষিদ্ধ করার প্রয়োজন হয় না। আজ বাংলাদেশের প্রয়োজন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে আওয়ামী লীগ তার ভুলের জবাব দেবে, বিএনপি তার রাজনৈতিক অতীতের জবাব দেবে, অন্যান্য দলও নিজেদের কর্মকাণ্ডের জবাব দেবে এবং রাষ্ট্র কোনো দলের পক্ষ না নিয়ে নাগরিকের অধিকার রক্ষা করবে।
বাংলাদেশের রাজনীতি যদি সত্যিই নতুন পথে যেতে চায়, তাহলে ৫ আগস্টের আগে ও পরে,দুই সময়ের ঘটনাকেই একই নৈতিক ও আইনি মানদণ্ডে বিচার করতে হবে। ১৬ বছরের শাসনের অভিযোগ যেমন তদন্তের আওতায় আসবে, তেমনি ৫ আগস্টের পর সংঘটিত সহিংসতা, হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন ও অধিকার সংকোচনের অভিযোগও তদন্তের আওতায় আসতে হবে।
ন্যায়বিচার কখনো ‘আমাদের’ আর ‘ওদের’ হতে পারে না।
আর আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কি না,এই প্রশ্নেরও উত্তর রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে নয়, জনগণের বিবেক ও আইনের শাসন দিয়ে নির্ধারিত হওয়া উচিত।
যদি আওয়ামী লীগের কোনো ভুল থাকে, আওয়ামী লীগ তা সংশোধন করবে। যদি কোনো নেতা অপরাধ করে থাকেন, তার বিচার হবে। যদি কোনো নীতিতে ভুল হয়ে থাকে, তা পরিবর্তন হবে। যদি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে, সেই দূরত্ব কমাতে হবে। একই সঙ্গে,নিরপরাধ নেতাকর্মীর মুক্তি চাই, রাজনৈতিক অধিকার চাই ন্যায়বিচার চাই,অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ চাই। সর্বোপরি জনগণের ভোটের অধিকার চাই। আওয়ামী লীগকে হারানোর অধিকার জনগণের আছে! কিন্তু জনগণের সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কোনো রাজনৈতিক শক্তির থাকা উচিত নয়।
আজ আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শুধু ‘ক্ষমা চাইবে কি চাইবে না’এটি নয়। বরং প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও গণতান্ত্রিক, আরও মানবিক, আরও জবাবদিহিমূলক এবং জনগণনির্ভর রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসতে পারবে? আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত,আওয়ামী লীগ ভুল করলে তার সমালোচনা হবে, অপরাধ করলে বিচার হবে! কিন্তু রাজনৈতিক পরিচয় অপরাধের প্রমাণ হতে পারে না। কারও বিরুদ্ধে বিচার চাইলে প্রমাণ দিতে হবে। কারও স্বাধীনতা কেড়ে নিলে আইনি ভিত্তি দেখাতে হবে। কোনো দলকে নিষিদ্ধ করলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। আর কোনো রাজনৈতিক দলকে জনগণের ভোটের বাইরে রেখে তার জনপ্রিয়তা বিচার করা যায় না।
তাই আওয়ামী লীগকে বলা হোক,জনগণের কাছে ফিরে আসুন, নিজের ভুলের হিসাব দিন, নতুন রাজনৈতিক অঙ্গীকার করুন। একই সঙ্গে রাষ্ট্রকেও বলা হোক-
জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে ন্যায়সংগত আদালত কোনো প্রশাসনিক আদেশ নয়, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, কোনো নিষেধাজ্ঞা নয়-
বাংলাদেশের জনগণ এবং তাদের ভোট। ইতিহাস শেষ পর্যন্ত শুধু কে ক্ষমতায় ছিল তার হিসাব রাখে না,ইতিহাস এটাও মনে রাখে,ক্ষমতাবানরা তাদের প্রতিপক্ষের সঙ্গে কেমন আচরণ করেছিল, রাষ্ট্র আইনকে কতটা সমানভাবে প্রয়োগ করেছিল এবং জনগণের স্বাধীন রাজনৈতিক মতপ্রকাশকে কতটা সম্মান করেছিল।
তাই আজকের বাংলাদেশের সামনে সত্যিকার পরীক্ষা একটাই,আমরা কি প্রতিশোধের রাজনীতি থেকে ন্যায়বিচারের রাজনীতিতে যাব? নিষেধাজ্ঞার রাজনীতি থেকে ভোটের রাজনীতিতে ফিরব? প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করব, নাকি জনগণের রায়ের মুখোমুখি দাঁড় করাব?
আওয়ামী লীগ তার ভুলের আত্মসমালোচনা করুক
এটি গণতন্ত্রের দাবি। যদি দুই বছরের আওয়ামী লীগের থেকে বেশি নিযার্তন হয় জনগণ তাহলে আওয়ামী লীগ কি অপরাধে ক্ষমা চাইবে! ৭১ সালে যারা গণহত্যাকারী যদি এদেশের নিবার্চন করতে পারে, সংসদে বসে ক্ষমা না চেয়ে তাহলে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে। ইতিহাসের চরম নির্মম হত্যাকাণ্ডগুলো এই দুই বছরের হয়েছে। মৃত্যু মানুষ কে কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দিয়েছে, জীবন্ত মানুষ কে পিটিয়ে হত্যা করে গাছের সাথে বেধেঁ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মহিলা আওয়ামী লীগ করে বলে বাবা কাজ থেকে মেয়ে কে তুলে নিয়ে গণধর্ষণ করেছে। স্বামী কে বেঁধে রেখে গণধর্ষণ করা হয়েছে। হাত পা কেটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের খালে-বিলে,নদীতে পুকুরে, ফেলে দিয়েছে। দুই বছর আওয়ামী লীগের নেতা-কর্মীদের জেলে আটক করে রাখা হয়েছে। অনেককে জেলে মৃত্যু বরণ করেছে। এর বিচার হোক,আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তুলে নিয়ে নিবার্চন দেওয়া হোক।জনগণ বিচার করবে। আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নিক,বাংলাদেশের জনগণ।
গণতন্ত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে কেউ চিরস্থায়ী বিজয়ী হয় না,জনগণের ভোটে পরাজিত করেই প্রকৃত গণতান্ত্রিক বিজয় অর্জিত হয়। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না,তার আগে তাই প্রশ্ন হোক! ন্যায়বিচার কি সবার জন্য সমান হবে? রাজনৈতিক অধিকার কি সবার জন্য সমান হবে? আর জনগণের ভোট কি সত্যিই সবার জন্য সমান হবে? সেখানেই বাংলাদেশের গণতন্ত্রের আসল পরীক্ষা।
লেখক- কবি, সাহিত্যিক, প্রবন্ধক ও শিক্ষক।।
মন্তব্য ০
আপনার মতামত জানান — সভ্য ভাষায় লিখুন