ডিসেম্বর নিয়ে আতঙ্ক নয়, ইতিহাসের প্রত্যাবর্তনের অপেক্ষা
ডিসেম্বরকে ভয় পাওয়ার কিছু নেই, ভয় তাদেরই, যাদের বিবেকের আয়নায় ভবিষ্যৎ অস্পষ্ট, যাদের রাজনৈতিক হিসাবের খাতায় ইতিহাসের অনিবার্য প্রত্যাবর্তন এক অমোঘ দুঃস্বপ্ন। ডিসেম্বর কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়; ডিসেম্বর বাঙালির আত্মপরিচয়, বিজয়ের উত্তরাধিকার, অন্ধকার ভেদ করে আলোর অভিমুখে যাত্রা করার এক ঐতিহাসিক প্রতিশ্রুতি। আজ বাংলাদেশ যেন এক গভীরতর অনিশ্চয়তার কুয়াশায় আচ্ছন্ন। মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝখানে জমেছে দীর্ঘশ্বাসের ব্যবধান; স্বপ্নের দিগন্তে প্রশ্নের ঘনঘটা, আর আগামীর পথরেখায় জমাট বেঁধেছে অজস্র সংশয়।